২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সান ফ্রান্সিসকোয় গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৪

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় একটি আবাসিক এলাকায় বৃহস্পতিবার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিস্ফোরণে কমপক্সে ৪ জন নিহত হওয়া ছাড়াও ৫০ টি বাড়ি ভষ্মীভূত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 01:43 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

সান ফ্রান্সিসকো, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় একটি আবাসিক এলাকায় বৃহস্পতিবার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিস্ফোরণে কমপক্সে ৪ জন নিহত হওয়া ছাড়াও ৫০ টি বাড়ি ভষ্মীভূত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছে। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক মাইল দূরে সান ব্রুনোতে এ বিস্ফেরণ ও আগুনের শিখায় আহত হয়েছে অন্ততপক্ষে ২২ জন। তাদেরকে স্থানীয় কয়েকটি হাসপাতাল ও পোড়া নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণে একজন নিহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় করোনার কার্যালয়। সান ব্রুনোর দমকল বিভাগের প্রধান ডেনিস হাগ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, বিস্ফোরণে ৫৩ টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও আরো ১২০ টি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার নিশ্চিত খবর পেয়েছি আমরা। পুড়ে যাওয়া বাড়িগুলো সবই ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিস্ফোরিত হওয়া গ্যাস লাইনটি নর্দার্ন ক্যালিফোর্নিয়া ইউটিলিটি প্যাসিফিক গ্যাস এন্ড ইলেকট্রিক কোম্পানীর। কোম্পানিটি এক বিবৃতিতে একথা জানিয়েছে। এতে বলা হয়, "কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নির্ধারণ করা যায়নি। আমরা জানি, পিজিএন্ডই গ্যাস ট্রান্সমিশন লাইন ফেটে গিয়েছিল। এ ঘটনার জন্য আসলেই আমরা দায়ী হয়ে থাকলে আমরা এর দায় নেব।" টেলিভিশন চিত্রে গ্যাস বিস্ফোরণে ব্যাপক আগুনের শিখা ও ধোঁয়া কুন্ডলী পাকিয়ে আকাশের দিকে উঠতে দেখা যায়। ভূমিকম্প বা বিমান বিধ্বস্ত হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রথম ধারণা করেছিল এলাকার অধিবাসীরা। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে (০১০০ জিএমটি শুক্রবার) গ্যাস লাইনটি বিস্ফোরণ ঘটে এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন এখন ৫০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন হাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৬ ঘ.