গেইনেসভিলে, ফ্লা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্লোরিডা গির্জার যাজক টেরি জোনস বৃহস্পতিবার কোরান পোড়ানোর পরিকল্পনা বাতিল করেছেন। এ পরিকল্পনা আল কায়েদার আত্মঘাতী হামলা উস্কে দিতে পারে বলে প্রেসিডেন্ট বারাক ওবামার হুঁশিয়ারি এবং আন্তর্জাতিক নিন্দার মুখে জোনস এ সিদ্ধান্ত নিলেন।
ফ্লোরিডার গিন্সভিলের 'ডোভ ওয়ার্ল্ড আউটরিচ সেন্টার' নামক এই ছোট্ট গির্জাটির খ্রিস্টান যাজক টেরি জোনস ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আল কায়েদার সন্ত্রাসী হামলার বর্ষপূর্তি উপলক্ষে দিনটিকে 'আন্তর্জাতিক কোরান পোড়ানো দিবস' হিসেবে পালন করার ঘোষণা দিয়েছিলেন।
পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস টেরিকে ফোন করে তাকে এই ধ্বংসাত্মক পরিকল্পনা নিয়ে এগুতে মানা করেন।
পেন্টাগনের মুখপাত্র জফ মোরেল বলেছেন, গেটস টেরির সঙ্গে টেলিফোনে কথা বলে কোরান পোড়ানোর পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে বুঝিয়ে বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশেষত ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাদের জীবন হুমকির মুখে পড়বে।
এরপর জোনস গির্জার বাইরে সাংবাদিকদের বলেন, "তিনি কোরান পোড়ানোর পরিকল্পনা বাতিল করছেন। কারণ, এ পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৪ ঘ.
bdnews24