হাভানা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার অর্থনৈতিক মডেল আর কাজে আসছে না। কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো একথা বলেছেন।
গত সপ্তাহে নেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক বুধবার প্রকাশ করেছেন তার এ মন্তব্য।
আটলান্টিক মানথ্লি ম্যাগাজিনের লেখক জেফারি গোল্ডবার্গ একটি ব্লগে তার নেওয়া এ সাক্ষাৎকার সম্পর্কে লিখেছেন।
জেফারি কাস্ত্রোকে প্রশ্ন করেন, সোভিয়েত ইউনিয়নের ধাঁচে গড়া কিউবার অর্থনৈতিক ব্যবস্থা এখনো অন্যান্য দেশে কাজে লাগানোর মতো উপযোগী কিনা। প্রত্যুত্তরে কাস্ত্রো বলেন, "কিউবার অর্থনৈতিক ব্যবস্থা আমাদের জন্যই আর কার্যকর নয়।"
কাস্ত্রোর ছোট ভাই রাউল কাস্ত্রো কিউবার ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা করতে অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের পদক্ষেপ হাতে নিয়েছেন। কাস্ত্রোর এ মন্তব্য সে পদক্ষেপকেই সমর্থন করছে।
ফিদেল কাস্ত্রো গত এপ্রিলে কিউবার একটি গণমাধ্যমে প্রকাশিত এক কলামেও এ ধরনের মন্তব্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩১ ঘ.
bdnews24