বাগদাদ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদে একটি বাস টার্মিনালের কাছাকাছি বুধবার একটি গাড়িবোমা ও রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৩ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্র একথা জানায়।
সূত্রগুলো জানায়, বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বায়া জেলায় বাস টার্মিনালে একটি গ্যারেজের কাছাকাছি গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। এ দৃশ্য দেখার জন্য লোকজন জড়ো হলে রাস্তার ধারের বোমাটি বিস্ফোরিত হয়।
তারা জানায়, ধারণা করা হচ্ছে টহলরত পুলিশদের লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়েছে এবং হতাহতের মধ্যে ইরাকি পুলিশ ও সেনা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, নিহতের সংখ্যা ৩ এবং আহতের সংখ্যা ২৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৩
bdnews24