বেইজিং, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেইজিং আলোচনায় অর্থনীতি ও নিরাপত্তা প্রসঙ্গসহ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সব বিতর্ক নিরসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দু'দেশের কর্মকর্তারা।
চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ উপদেষ্টা টম ডোনিলন ও জাতীয় অর্থনীতি পরিষদের পরিচালক ল্যারি সামারসের মধ্যকার বুধবারের আলোচনায় দু'দেশের সম্পর্কোন্নয়নের বিষয়টি উল্লেখ করেন তারা।
এ দুই মার্কিন কূটনীতিক চীনের উর্ধ্বতন অর্থনৈতিক কর্মকর্তা ও কূটনীতিকদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে রোববার বেইজিং পৌঁছান।
প্রেসিডেন্ট হু বলেন, "আপনাদের আলোচনা ভালো হয়েছে বলে আমি শুনেছি। আমি নিশ্চিত, এ সফর দু'দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আস্থা বাড়াবে।"
ওবামা প্রশাসনও চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী বলে হুকে জানান ডোনিলোন।
হু'র উদ্দেশে তিনি বলেন, "নিরাপত্তা ও অর্থনৈতিক প্রসঙ্গসহ দু'দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ, বিস্তারিত ও সুদূরপ্রসারী আলোচনা হয়েছে।"
চীনের ইন্টারনেট নীতিমালা, তিব্বত প্রসঙ্গ, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি, চীনের মুদ্রামান ও দক্ষিণ চীন সাগরে চীনের মালিকানা দাবি করা নিয়ে ২০১০ সাল জুড়েই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কে টানপোড়েন চলছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/এমআই/১৪৪৯ ঘ.
bdnews24