প্যারিস, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেনশন সংস্কারের বিরুদ্ধে ফ্রান্সের রাজপথে মঙ্গলবার লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে।
পেনশন নিয়ে সরকারি পরিকল্পনার প্রতিবাদে দেশজুড়ে দিনব্যাপী ডাকা ধর্মঘটের সমর্থনে দেশের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধরা। ধর্মঘটে বিমান চলাচল, রেল যোগাযোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।
কর্মকর্তারা জানান, সারাদেশের শহরগুলোতে প্রায় সাড়ে চার লাখ মানুষ বিক্ষোভ করেছে। প্রধান বিক্ষোভ মিছিলে যোগ দিতে পরে তারা প্যারিসের উদ্দেশ্যে মিছিল নিয়ে এগোতে থাকে।
ফ্রান্স সরকার অবসর গ্রহণের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করাসহ আরো বেশ কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে।
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সে অবসর গ্রহণের বয়স বেশ কম। তবে দেশটির নতুন এ সংস্কার প্রস্তাব যে কোনো দেশের জন্যই একবারে বেশ বড় পদক্ষেপ।
বর্তমান নিয়মের অধীনে ফ্রান্সে নারী ও পুরুষ উভয়ই ৪০ বছর ৬ মাস সামাজিক নিরাপত্তায় অবদান রাখায় ৬০ বছর বয়সে অবসর নিতে পারেন। তবে ৬৫ বছর বয়সের আগে তাদের পুরো অবসর ভাতা দেওয়া হয় না।
অবসর গ্রহণের বয়স ৬২ বছর এবং পেনশন পাওয়ার বয়স ৬৭ করে ২০১৮ সাল নাগাদ ৭০ বিলিয়ন ইউরো (৫৮ বিলিয়ন পাউন্ড) ব্যয় কমাবে বলে দাবি করছে সরকার।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেন, দেশের প্রবীণ মানুষের সংখ্যা ও বিপুল সরকারি ব্যয়ের রাশ টেনে ধরতে এ সংস্কার জরুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২৩৩০ ঘ.
bdnews24