মাদ্রিদ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সশস্ত্র বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএ'র যুদ্ধবিরতি ঘোষণায় স্পেনের আস্থা নেই। স্পেনের জাতীয় টেলিভিশনে সোমবার এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলফ্রেডো পেরেজ রুবালকাবা।
রুবালকাবা বলেন, এ বছর পৌর নির্বাচনের আগে ইটিএ সম্ভবত এর রাজনৈতিক শাখা বাতাসুনাকে বৈধতা দেওয়ার চেষ্টায় এ যুদ্ধবিরতি ঘোষণা করেছে।
কিন্তু তিনি বলেন, এ বৈধতা পেতে হলে আগে বাতাসুনাকে ইটিএ'র সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে অথবা ইটিএ'কে অস্ত্র পরিত্যাগ করাতে হবে।
তিনি আরো বলেন, এটি ধাপে ধাপে এগোনোর একটি কৌশল হতে পারে। বাতাসুনাকে এ বিষয়টি অনুধাবন করতে হবে। তারা হয় ইটিএ'র সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, নয়ত ইটিএ কে সহিংসতা পরিহারে রাজি করাবে।
স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএ রোববার এক ভিডিও বার্তায় যুদ্ধবিরতি ঘোষণা করে। বাস্ক-ভাষার গারা পত্রিকার ওয়েবসাইটের বার্তায় ইটিএ'র সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, তারা আর সশস্ত্র অভিযান চালাবে না।
গারা সাইটে পাঠানো ভিডিওতে দেখা যায় মুখোশ পরা তিন ইটিএ সদস্যকে। ভিডিও বার্তায় ইটিএ স্বাধীনতার জন্য আর সশস্ত্র লড়াই চালাবে না জানিয়ে বলে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে কয়েকমাস আগেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "তারা যে দুর্বলতা ঢাকতে চায় এ ঘোষণা থেকে তা স্পষ্ট। কারণ তারা দুর্বলতা ঢাকার চেষ্টা না করলে তাদেরই তৃণমূল পর্যায় থেকে অস্ত্র পরিহারের দাবি জোরালো হয়ে উঠবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২০ ঘ.
bdnews24