মাখাচকালা, রাশিয়া, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান এলাকায় সেনা ঘাঁটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় রোববার কমপক্ষে ৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার কয়েকটি সূত্র একথা জানায়।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওইসমস্ত সূত্র জানায়, স্থানীয় রাজধানী মাখাচকালা থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে বাইনাস্ক শহরের বাইরে একটি সেনা ঘাঁটিতে হামলাকারী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়।
শীর্ষ এক নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, প্রাথমিক খবরে জানা গেছে, এ হামলায় ৫ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতের সংখ্যা ৩ এবং আহতের সংখ্যা ৩৬ বলে জানিয়েছে।
ককেসাসের দক্ষিণাংশে অবস্থিত প্রধানত দাগেস্তানের মত মুসলিম রিপাবলিকে রাশিয়া ইসলামি জঙ্গিদের বিরূদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
উত্তর ককেসাসে গত দুই বছরে সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকে এ স্থানটিতে চেচেন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রাশিয়ার দুইটি যুদ্ধ সংগঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৩৫২ ঘ.
bdnews24