ইসলামাবাদ, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের তালেবান সমর্থক জঙ্গিরা জাতিগত বিভেদ তৈরি করতে চাইছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক।
গত তিনদিনে শিয়াদের তীর্থযাত্রায় বোমা হামলায় শ'খানেক মানুষ নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছেন তিনি।
শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মালিক।
এদিকে, লাহোর ও কোয়েটায় শিয়া মুসলিমদের ধর্মীয় শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে তালেবান জঙ্গিরা। এ দুটি হামলায় প্রায় ১০০ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে শিয়া তীর্থযাত্রীদের ওপর বোমা হামলায় নিহতের সংখ্যা ৬৫ জনে উন্নীত হয়েছে। এর আগে বুধবার রাতে লাহোরের আত্মঘাতী বোমা হামলায় ৩৩ জন নিহত এবং শতাধিক আহত হয়।
গত দুই দশকে পাকিস্তানে শিয়া-সুন্নি দাঙ্গায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
মালিক বলেছেন, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সেনা অভিযানে জঙ্গিদের শক্ত ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় ওই জঙ্গিরা এখন শিয়া-সুন্নি জাতিগত বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে।
পাকিস্তান সৃষ্টির পর গত ৬২ বছর ধরেই উত্তর-পশ্চিমাঞ্চলে জাতিগত বিভেদ চলতে থাকলেও আল-কায়েদার সঙ্গে জড়িত তালেবানরা এ বিভেদকে নতুন করে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তালেবান গোষ্ঠী এ ধরনের আরো হামলা চালাতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন মালিক।
অন্যদিকে, পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের চালকহীন বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। এর পরিপ্রেক্ষিতে তালেবানরা হুমকি দিয়েছে যে, তাদের নেতৃত্বের ওপর এসব মার্কিন হামলার জবাব দিতে 'খুব শিগগিরই' পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালাবে তারা।
সা
bdnews24