২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে নিহতের সংখ্যা বেড়ে ৩৩, নিরাপত্তা জোরদার

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বুধবার শিয়াদের একটি শোভাযাত্রায় তিনটি বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ হামলার পর বৃহস্পতিবার সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

লাহোর, পাকিস্তান, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বুধবার শিয়াদের একটি শোভাযাত্রায় তিনটি বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ হামলার পর বৃহস্পতিবার সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লাহোর জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সাজ্জাদ ভুট্টো বৃহস্পতিবার একথা জানিয়েছেন। বুধবার রাতে সপ্তম শতকের শিয়া ইমাম আলী বিন আবি তালিবের মৃত্যু দিবসের শোভাযাত্রায় তিনটি বোমা বিস্ফোরণে ৩৩ জন নিহত ও ১ শ' ৭১ জন আহত হয়েছে। এ বোমা হামলার ধরণ দেখে ধারণা করা হচ্ছে হামলার সঙ্গে তালেবান জঙ্গিরা জড়িত। স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষত কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে সরকার। সে পরিস্থিতিতে এ হামলা সরকারকে আরো চাপের মুখে ফেলেছে। ওদিকে, হামলার পর লাহোরের নিরাপত্তা জোরদার করেছে সরকার। ভুট্টো রয়টার্সকে বলেন, "এ ধরনের ঘটনা এড়াতে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত রাতের বিস্ফোরণের পর নিরাপত্তা বাড়াতে আমরা আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছি। তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে এবং প্রয়োজনে যে কোনো সময় আরো নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।" গত রাতের বোমা হামলা সম্পর্কে পুলিশ জানায়, শত শত মানুষের ভিড়ে দুই আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটা তালেবান জঙ্গিদের হামলা। কারণ এ ধরনের হামলা তারা এর আগেও চালিয়েছে। বোমা বিস্ফোরণের পরে ক্ষুব্ধ জনতা একটি থানা ও কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। পাকিস্তানে সরকারকে অস্থিতিশীল করতে তালেবান সমর্থিত সুন্নি জঙ্গিরা প্রায়ই শিয়াদের ওপর হামলা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৮৫৩ ঘ.