ওয়াশিংটন, বাগদাদ, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার ইরাকে ৭ বছর ধরে চলা মার্কিন যুদ্ধাভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন।
ওবামা বলেন, এর মাধ্যমে ২০০৮ সালে নির্বাচনী প্রচারাভিযানের সময় ইরাকে মার্কিন অভিযান সমাপ্তির যে প্রতিশ্র"তি তিনি দিয়েছিলেন তা পূরণ হয়েছে।
সেইসঙ্গে তিনি ইরাকি জনগণকে নিরাপত্তার দায়িত্ব এখন নিজেদের কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরাক যুদ্ধের দায়িত্ব ওবামা পূর্ববর্তী প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশের কাছ থেকে পেয়েছেন। এ তালিকায় আফগান যুদ্ধও রয়েছে।
২০০৩ সালে ওভাল অফিসের যে ডেস্কে দাঁড়িয়ে বুশ ইরাক যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন সেই ডেস্কে দাঁড়িয়েই ওবামা এই যুদ্ধের সমাপ্তি টানতে গিয়ে বলেন, "এখন সময় এ অধ্যায়ের সমাপ্তি টানার।"
এদিকে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি দেশবাসীর উদ্দেশে বলেছেন, "আজ আমরা স্বাধীন ও সার্বভৌম।"
তবে ২০০৩ সালে মার্কিন অভিযান শুরুর পর কমপক্ষে ১ লাখ ইরাকি প্রাণ হারিয়েছে। তাই অনেক ইরাকিই এখন সার্বিক পরিস্থিতি নিয়ে শঙ্কিত।
মার্কিন বাহিনী এমন এক মুহূর্তে ইরাক ছাড়ছে যখন সহিংসতা রয়েই গেছে এবং পার্লামেন্ট নির্বাচনের ছয় মাস পরেও দেশটিতে সরকার গঠন করা সম্ভব হয়নি।
ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে এবং তাদের ৪ হাজার ৪০০'র বেশি সেনা প্রাণ হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩১৯ঘ.
bdnews24