২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার ওপর সোমবার আরও নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞাগুলোর বেশিরভাগই অর্থনৈতিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ওয়াশিংটন, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার ওপর সোমবার আরও নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞাগুলোর বেশিরভাগই অর্থনৈতিক। চার উত্তর কোরীয় নাগরিক ও আটটি কোম্পানির মার্কিন সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে নতুন নিষেধাজ্ঞার আওতায়। দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান ডুবির জন্য শাস্তিস্বরূপ যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে উত্তর কোরিয়ার বিভিন্ন ফার্মের মার্কিন সম্পত্তি জব্দ করেছেন। যে ফার্মগুলো অর্থ পাচার, মাদক কিংবা অস্ত্র চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকান্ডে জড়িত। উত্তর কোরিয়া নানারকম নিষেধাজ্ঞার মধ্যেও এতোদিন যেটুকু আমদানি-রপ্তানী করতে পারত তার অনেকটাই এবার বন্ধ হয়ে গেল। ওষুধ শিল্পের জন্য রাসায়নিক মাদক কিংবা বিলাসদ্রব্য আর অবাধে অন্য দেশে সরবরাহ করতে পারবে না উত্তর কোরিয়া। ওবামার নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ কোরীয় জাহাজ ডুবিসহ পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র নীতি ও অর্থনীতির জন্য উত্তর কোরিয়া অস্বাভাবিক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ 'চেওনান' ডুবিতে উত্তর কোরিয়ার টর্পেডো দায়ী বলে অভিযোগ ওঠার পর থেকে যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং'র ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেই যাচ্ছে। চেওনান ডুবির ঘটনায় দক্ষিণ কোরিার ৪৬ নাবিক মারা যায়। আর তদন্তেও ওই ঘটনা উত্তর কোরিয়াই ঘটিয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এরপর থেকেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয় দক্ষিণ কোরিয়ার মিত্র যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, "উত্তর কোরিয়া তার ঔদ্ধত্যের কারণে অবশ্যই শাস্তির মুখোমুখি হবে।" নতুন এই নিষেধাজ্ঞা সেই হুমকিরই বাস্তবায়ন। তাছাড়া পরমাণু অস্ত্র বানানো নিয়ে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের হুমকির পাল্টা ব্যবস্থাও বলা যায় এ নতুন নিষেধাজ্ঞাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমডি/সিআর/১৪৪৯ঘ.