মন্টেরি, মেক্সিকো, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাদকচক্রের গুলিতে রোববার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় ছোট শহর হিডালগোর মেয়র মার্কো অ্যান্তোনিও লিল নিহত হয়েছেন।
এ অঞ্চলেই গত সপ্তাহে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে এবং ৭২ জন অভিবাসী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তামাউলিপাস রাজ্যে মেক্সিকো উপসাগরের কাছাকাছি হিডালগো মিউনিসিপ্যালিটির মেয়র মাক্রো অ্যান্তোনিও লিল গাড়ি চালিয়ে যাওয়ার সময় বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
হত্যাকারীরা একটি স্পোর্টস কারে করে এসে তার ওপর গুলি চালায়। এতে লিলের চার বছর বয়সী মেয়ে সামান্য আহত হয়েছে।
বিরোধী দল পিআরআই'য়ের (ইন্সটিটিউশনাল রেভ্যুলেশনারি পার্টি) সদস্য লিল কেন মাদকচক্রের লক্ষ্যে পরিণত হলো তা এখনো পরিস্কার নয়।
ক্ষমতাসীন পিএএন (ন্যাশনাল অ্যাকশন পার্টি) দলীয় প্রেসিডেন্ট ফেলিপ কাল্ডেরন এ হামলায় নিন্দা জানিয়েছেন এবং মাদক চক্রের বিরুদ্ধে তার অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
২০০৬ সালের শেষ দিকে ক্যাল্ডেরন মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর হতে সহিংসতায় এ পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৩৮ঘ.
bdnews24