পাকিস্তান, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানে আবারো বন্যা শুরু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের সুজাওয়াল শহর বন্যার পানিতে প্লাবিত হয়েছে। কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।
২ লাখ ৫০ হাজার মানুষের এ শহর বন্যার পানিতে পুরোপুরি তলিয়ে গেছে। ওদিকে, বন্যার কবল থেকে থাট্টা শহরকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
উন্মত্ত সিন্ধু নদীর পানি বাড়ায় থাট্টা শহরেও বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সিন্ধু নদীর পানি ঠেকাতে থাট্টার চারপাশে শহর রক্ষা বাঁধ মজবুত করতে চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।
কিন্তু সিন্ধুর তীর ভেঙে পানি থাট্টা শহরের দিকে এগোচ্ছে।
সিন্ধু প্রদেশের রিলিফ কমিশনার রিয়াজ আহমেদ সুমরো রয়টার্সকে বলেন, "পরিস্থিতি খুবই জটিল। এ পানি সমুদ্রে গিয়ে না পড়লে পুরো থাট্টা শহর তলিয়ে যাবে। শহর রক্ষা বাঁধ মজবুত করে আমরা এখন থাট্টা শহরকে রক্ষার চেষ্টা করছি।"
তিনি জানান, থাট্টা শহরের প্রায় ৩ লাখ অধিবাসীর ৯৫ শতাংশ বন্যার ভয়ে শহর ছেড়ে পালিয়ে গেছেন।
প্রধান সরকারি আবহাওয়া কর্মকর্তা কামারুজ্জামান বলেন, সিন্দু নদীর পানি প্রবাহ স্বাভাবিক হতে আরো ১০ থেকে ১২ দিন সময় লাগবে।
ওদিকে, বন্যা দুর্গত এলাকায় পুষ্টিহীনতা এবং পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সাহায্য সংস্থা। রোগে আক্রান্ত হয়ে আরো ৭২ হাজার শিশু মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছে বলে শনিবার জানায় জাতিসংঘ।
পাকিস্তানে স্মরণকালের এ ভয়াবহ বন্যায় এ পর্যন্ত কমপক্ষে ১৬ শ' ৪৩ জনের প্রাণহানি হয়েছে এবং ঘরহারা হয়েছে ৬০ লাখেরও বেশি মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২৩১২ ঘ.
bdnews24