২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকজুড়ে ধারাবাহিক হামলার আশঙ্কা মালিকির

আল কায়দা সংশ্লিষ্ট কয়েকটি গোষ্ঠী ইরাকজুড়ে ধারাবাহিক হামলার পরিকল্পনা করছে বলে শুক্রবার দাবি করেছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 09:56 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

বাগদাদ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়দা সংশ্লিষ্ট কয়েকটি গোষ্ঠী ইরাকজুড়ে ধারাবাহিক হামলার পরিকল্পনা করছে বলে শুক্রবার দাবি করেছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। এ ব্যাপারে সরকারের কাছে তথ্য রয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে দাবি করেন তিনি। ৩১ অগাস্ট মার্কিন সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ইরাকে তাদের অভিযান শেষ করার আগ মুহূর্তে মালিকি এ মন্তব্য করলেন। আল ইরাকিয়া টেলিভিশন মালিকির উদ্ধৃতি দিয়ে জানায়, সুন্নি ইসলামি গোষ্ঠী আল কায়েদা ও সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের নিষিদ্ধ বার্থ পার্টি আরো হামলা চালানোর পরিকল্পনা করছে। মালিকি বলেছেন, "সরকারের প্রাপ্ত তথ্য অনুসারে আল কায়েদা ও বার্থ পার্টি বিদেশি সহযোগিতায় ধারাবাহিক বোমা হামলা ও উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি প্রদেশে হত্যার পরিকল্পনা করছে।" কয়েক সপ্তাহ ধরে ইরাকের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়ে গেছে। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। মার্চে হওয়া নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে জটিলতা দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো কেউ ছাড় দিচ্ছে না। আর এই অনৈক্যের সুযোগ নিয়ে দেশটিতে জঙ্গিরা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা বার বার হুঁশিয়ারি জানাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/সিআর/১৫৫০ঘ.