ওয়াশিংটন, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে বন্যা দুর্গতদের ত্রাণ সরবরাহে সহায়তার জন্য হেলিকপ্টারের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগন থেকে একথা জানানো হয়।
পেন্টাগন জানায়, পাকিস্তানের বন্যা দুর্গতদের ত্রাণ সরবরাহের জন্য সেখানে ১৫টি হেলিকপ্টার ও তিনটি সি-১৩০ বিমান নিয়োজিত রয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে সেখানে আরও ১৮ টি হেলিকপ্টার পাঠানো হবে।
মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা রাজিব শাহ জানান, চলতি সপ্তায় বন্যার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের পর তিনি নিশ্চিত হয়েছেন, পানি নেমে গেলে সেখানে আরও সহায়তার প্রয়োজনীয়তা রয়েছে।
পাকিস্তান থেকে ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "পাকিস্তানের এ প্রাকৃতিক দুর্যোগের ধারণাতীত।"
কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যায় পাকিস্তানে প্রায় ২ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির ২৩ শতাংশ শস্যভূমি বা ৪৩ লাখ হেক্টর জমি পানির নিচে নিমজ্জিত রয়েছে।
এছাড়া ৯০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩১৪ঘ.
bdnews24