২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক পদ ছাড়লেন মিয়ানমারের ৩ জান্তা নেতা

মিয়ানমারের শীর্ষ তিন জান্তা নেতা শুক্রবার সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন। এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ইয়াংগুন, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----মিয়ানমারের শীর্ষ তিন জান্তা নেতা শুক্রবার সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন। এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা একথা জানিয়েছেন। জান্তা সরকার প্রধান থান শয়ে এবং তার দুই ঘনিষ্ঠ সহযোগী মুয়াং আই ও থুরা শয়ে মান সামরিক পদ ছেড়ে চলে এলেন বেসামরিক নাগরিকের কাতারে। এর মধ্য দিয়ে নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনের পর মিয়ানমারের সর্বময় ক্ষমতায় আসীন হওয়ার পথ প্রশস্ত করলেন তারা। বেসামরিক নাগরিক হিসাবে তারা এখন আগামী ৭ নভেম্বরের নির্বাচনের পর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কিংবা নতুন সরকারের মন্ত্রী পদ লাভ করতে পারবেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, '' শীর্ষ নেতারা সামরিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এ শূন্য পদগুলোতে এখন অধস্তন কর্মকর্তাদের নিয়োগ দেয়া হবে।'' দুই দশক পর ৭ নভেম্বর মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনজন মনোনীত ব্যক্তির মধ্য থেকে পার্লামেন্টের উচ্চ ও নিু কক্ষে নির্বাচিত বেসামরিক প্রেসিডেন্ট সরকার গঠন করবেন। আর বাকী দুই প্রার্থী হবেন ভাইস প্রেসিডেন্ট। ১৯৯২ সাল থেকে মিয়ানমারের নেতা ৭৭ বছর বয়সী থান শয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং তার দুই ঘনিষ্ঠ সহযোগী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলেই আভাস পাওয়া যাচ্ছে। মিয়ানমারে প্রকৃতই এ ঘটনা ঘটলে রাজনীতি বিশ্লেষকদের দীর্ঘদিনের বক্তব্যই সঠিক প্রমাণিত হবে। তাদের ভাষ্য অনুযায়ী, নভেম্বরের নির্বাচন মিয়ানমারের ক্ষমতা কাঠামোয় কোন পরিবর্তন আনবে না। পার্থক্য শুধু এটুকু, আগে সামরিক ব্যক্তিরা উর্দি পরে দেশ শাসন করতেন। এবার তারা বেসামরিক বেশে দেশ শাসন করবেন। ক্ষমতার কোনো হাত বদল হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /বিবি/এলকিউ/২১২৩ ঘ.