কলোম্বো , আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- শ্রীলংকার গৃহপরিচারিকার শরীর থেকে ১৩ টি পেরেক এবং ৫টি সূঁচ বের করে এনেছেন চিকিৎসকরা।
গৃহপরিচারিকা এল. টি . আরিয়াওয়াথি জানিয়েছেন, সৌদি আরবে তার গৃহপ্রভু হাতুড়ি দিয়ে তার শরীরে এসব পেরেক এবং সূঁচ ঢুকিয়ে দিয়েছেন।
শনিবার সৌদি আরব থেকে ফেরত আসার পর প্রচন্ড ব্যাথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
৪৯ বছর বয়সী এ গৃহপরিচারিকা আরো জানান, সৌদি আরবে যে বাসায় তিনি কাজ করতেন সেখানে শাস্তিস্বরূপ তাকে এভাবে জখম করা হয়েছে।
এক সৌদি দম্পতি শ্রীলংকার এ গৃহপরিচারিকার শরীরে হাতুড়ি দিয়ে মোট ২৪ টি পেরেক ঢুকিয়ে দিয়েছেন।
তিন সন্তানের জননী আরিয়াওয়াথির শরীরে এক্স- রে করে দেখা গেছে তার হাত, পা ও কপালে সর্বমোট ২৪ টি পেরেক ও সূঁচ ঢুকানো আছে ।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে গেঁথে থাকা এসব পেরেক ও সূঁচ তার জীবনের জন্য ঝুঁকি নয়।
হাসপাতালের এক কর্মকর্তা জানান, পেরেকগুলো সর্বোচ্চ ২ ইঞ্চি লম্বা।
বার্তা সংস্থা এপি চিকিৎসক সাথারাসিংঘের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে , অস্ত্রোপচার সফল হয়েছে এবং আরিয়াওয়াথি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
বাকি পেরেকগুলো বের করার জন্য পরে আবার তার অস্ত্রোপাচার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯২৫ ঘ.
bdnews24