সিউল, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের কাছে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা নতুন করে শুরু করার আগ্রহ প্রকাশের পাশাপাশি বন্দি এক মার্কিন নাগরিককে শুক্রবার মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া।
আলোচনার এ প্রতিশ্র"তি আর মুক্ত মার্কিন নাগরিককে নিয়ে কার্টার ইতোমধ্যেই উত্তর কোরিয়া ত্যাগ করেছেন।
কার্টারকে উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ নেতা কিম ইয়ং নাম জানান, তারা পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরু করতে চান।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) শুক্রবার একথা জানায়।
এদিন সকালে কার্টার উত্তর কোরিয়া ত্যাগ করেন। কার্টার সেন্টারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দণ্ডিত এক মার্কিনিকে নিয়ে কার্টার পিয়ংইয়ং ত্যাগ করছেন।
বেআইনিভাবে উত্তর কোরিয়ায় প্রবেশ করায় মার্কিন নাগরিক এজিলন মাহলী গোমেজকে গত জানুয়ারিতে আটক করে পিয়ংইয়ং। পরে আদালত তাকে সশ্রম কারাদণ্ড দেয়।
গোমেজকে মুক্ত করতেই গত তিন দিন আগে উত্তর কোরিয়ায় যান কার্টার।
উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ নেতা কিম ইয়ং নাম এর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, "ডিপিআরকে (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) সরকারের পক্ষ থেকে কিম ইয়ং নাম কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের ইচ্ছা প্রকাশ করেছেন। সেই সঙ্গে ৬ পক্ষের আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারেও তিনি আগ্রহ দেখিয়েছেন।"
মার্চে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ টর্পেডোর আঘাতে ডুবে যায়। এ ঘটনায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক রাষ্ট্র উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে।
এতে দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিকের প্রাণহানি ঘটে।
তারপর থেকে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে। উত্তর কোরিয় একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রও দেশটির ওপর নিষেধজ্ঞার মেয়াদ বাড়িয়ে দেয়।
এই উত্তেজনার মধ্যেই শান্তিতে নোবেলজয়ী জিমি কার্টার দণ্ডিত ওই মার্কিনিকে মুক্ত করতে পিয়ংইয়ং সফর করলেন।
কার্টার উত্তর কোরিয়া পৌঁছানোর পরপরই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং ইল তার একমাত্র শক্তিশালী মিত্র চীন সফর করেন। বিশ্লেষকদের ধারণা, দেশটির নেতৃত্বে নিজের ছেলেকে উত্তরাধিকারী হিসাবে বসানোর লক্ষ্যেই তার এই আকস্মিক চীন গমণ।
আইজালোন মাহলি গোমেজ জানুয়ারিতে উত্তর কোরিয়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হন। তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কার্টার তাকে সঙ্গে নিয়েই উত্তর কোরিয়া ত্যাগ করেন।
কেসিএনএ জানায়, গত মাসে গোমেজ আত্মহত্যার চেষ্টা চালান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫০ঘ.
bdnews24