২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসের সঙ্গে বৈঠকের প্রস্তাব নেতানিয়াহুর

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় অগ্রগতি আনতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে প্রতি দুই সপ্তাহে বৈঠক করার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

জেরুজালেম , আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় অগ্রগতি আনতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে প্রতি দুই সপ্তাহে বৈঠক করার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । এক কূটনীতিক শুক্রবার একথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ সূত্র জানিয়েছে, নেতানিয়াহু ব্যক্তিগতভাবে আলোচনা চালাতে আগ্রহী। সরাসরি শান্তি আলোচনার বিষয়ে কথা বলার জন্য নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটন যাবেন। প্রধান ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাত নেতানিয়াহুর এ পরিকল্পনা সম্পর্কে বলেছেন , এখনো এ বিষয়ে কথা বলার সময় আসেনি। নেতানিয়াহু ওয়াশিংটনকে তার প্রস্তাবটি জানিয়েছেন। এ প্রস্তাবের আওতায় নেতানিয়াহু প্রতি দু সপ্তাহে একবার আব্বাসের সঙ্গে বৈঠকে বসে মূল ইস্যুগুলোতে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালাবেন। নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্যে মৌলিক বিষয়গুলোতে দু'নেতার মধ্যে ধীস্থিরভাবে সরাসরি আলোচনা অব্যাহত রাখাটাই সবচেয়ে গুরুত্বপূণর্ আলোচনা। ১ সেপ্টেম্বরে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাৎ করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক মাসের পরোক্ষ আলোচনা শেষে ১ সেপ্টেম্বরের পরদিন থেকেই দুই নেতার সরাসরি আলোচনা শুরু করার কথা রয়েছে। তবে এ আলোচনা থেকে তারা আদৌ কোনো চুক্তিতে পৌঁছবেন কিনা তা নিয়ে গভীর সংশয় রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন , যুক্তরাষ্ট্র মনে করে এক বছরের মধ্যে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার সব গুরুত্বপূর্ণ ইস্যু গুলোর সমাধান সম্ভব। তবে নেতানিয়াহুর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রকৃতপক্ষে এ সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছানোর কোন সুযোগ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮৪০ ঘ.