করাচি, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আরো বিস্তীর্ণ অঞ্চল বন্যাকবলিত হয়েছে। নতুন করে এ বন্যায় সিন্ধু প্রদেশে গত ৪৮ ঘন্টায় বাস্তুচ্যুত হয়েছে আরো প্রায় ১০ লাখ মানুষ।
জাতিসংঘ শুক্রবার একথা জানায়।
জাতিসংঘের দেওয়া আগের হিসাব অনুযায়ী, প্রায় এক মাস আগে শুরু হওয়া বন্যায় পাকিস্তানে প্রায় ৬০ লাখ লোক গৃহহীন হয়েছে।
জাতিসংঘের মুখপাত্র স্টাসি উইন্সস্টোন এক সংবাদ সম্মেলনে বলেছেন, "দক্ষিণাঞ্চল নিয়ে এখনো শঙ্কা রয়ে গেছে। গত ৪৮ ঘন্টায় গৃহহীন হয়েছে প্রায় ১০ লাখ লোক।"
সিন্ধু নদীর তীর ছাপিয়ে পানি প্রবাহিত হতে থাকায় দক্ষিণাঞ্চলীয় শহর থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান।
বন্যার পানি সিন্ধু নদী দিয়ে প্রবাহিত হতে থাকায় পাকিস্তানের বেশির ভাগ জায়গায়ই পানি কমতে শুরু করেছে। কিন্তু আবর সাগরে উত্তাল ঢেউয়ের কারণে সিন্ধু নদীর মোহনায় করাচি থেকে ৭০ কিলোমিটার পূর্বে থাট্টার মত শহরগুলো এখনো ঝুঁকির মুখে রয়েছে।
এবারের বন্যায় পাকিস্তানে কমপক্ষে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ৬০ লাখেরও বেশি মানুষ হয়েছে গৃহহারা।
ওদিকে, স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানির অভাবে রোগ বালাই মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৮ ঘ.
bdnews24