ওয়াশিংটন, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- 'দ্য গডফাদার' চলচ্চিত্রের পরিচালক খ্যাত ফ্রান্সিস ফোর্ড কোপোলা অজীবন কাজের স্বীকৃতি হিসাবে 'অস্কার' পেতে যাচ্ছেন।
দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বুধবার এ খবর জানায়। আর এর ফলে তার ৫টি অস্কারের ভাণ্ডারে আরো একটি 'অস্কার' যোগ হবে।
৭১ বছর বয়সী কোপোলা ভিয়েতনাম যুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র 'অ্যাপোক্যালিপস নাও' এর চিত্রনাট্য লিখেন এবং পরিচালনাও করেন। তিনি ১৯৭৪ সালের থ্রিলার 'দ্য কনভারসেশন' চলচ্চিত্রেরও নির্মাতা।
বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য 'দ্য আরভিং তালবের্গ মেমোরিয়াল' অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কোপোলা।
২০১১-এর ফেব্র"য়ারিতে অস্কার অনুষ্ঠানকে সামনে রেখে নভেম্বরে লস অ্যাঞ্জেলেস এ একটি নৈশভোজ অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
'দ্য আরভিং তালবের্গ মেমোরিয়াল' অ্যাওয়ার্ড একজন সৃজনশীল চলচ্চিত্র পরিচালককে তার সারাজীবনের অর্জনের ওপর ভিত্তি করে দেওয়া হয়। এটি আজীবন সম্মাননা অস্কার নামে পরিচিত।
আর সেইসব চলচ্চিত্র পরিচালকই এই সম্মান লাভ করেন যাদের কাজ অত্যন্ত উঁচু মানের এবং তা স্থায়িত্ব লাভ করে।
কোপোলা তার অধিকাংশ অস্কারই 'দ্য গডফাদার' চলচ্চিত্রের জন্য অর্জন করেছেন। ১৯৪০ ও ১৯৫০ এর দশকে ইতালিয়ান-আমেরিকান একটি পরিবারের অপরাধ জগতের কর্মকাণ্ড নিয়ে এটি নির্মিত হয়।
পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তির নাম ঘোষণা প্রসঙ্গে একাডেমির প্রেসিডেন্ট টম স্রেক এক বিবৃতিতে জানান, "এই সম্মানিত ব্যক্তিরা বিশ্বব্যাপী চলচ্চিত্র দর্শককে স্পর্শ করতে পেরেছেন এবং তাদের কাজের মাধ্যমে চলচ্চিত্র ইন্ড্রাস্টিকে প্রভাবিত করেছেন।"
তিনি আরো বলেন, "তাদের অসামান্য অর্জন ও অবদানকে উদ্যাপন করা একটি বড় সম্মানের ব্যাপার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৮ঘ.
bdnews24