নয়া দিল্লি, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বুধবার বেসামরিক পরমাণু দায়বদ্ধতা বিল অনুমোদন পেয়েছে। পরমাণু দুর্ঘটনার ক্ষতিপূরণের বিষয়টিতে বিজেপির আপত্তি সরকার মেনে নেওয়ার পর বিলটি পাস হয়।
ভারতে ১৫০ বিলিয়ন ডলারের পরমাণু শক্তি বাজার উন্মুক্ত করা এ বিলের লক্ষ্য। দেশের উন্নয়ন ও বিদ্যুৎ খাতেও এ বিল হবে এক মাইলফলক।
যুক্তরাষ্ট্রভিত্তিক জেনেরাল ইলেকট্রিক ও ওয়েস্টিংহাউজ ইলেক্ট্রিকের মত ফার্মগুলোর ভারতে প্রবেশের জন্য বিলটি গুরুত্বপূর্ণ।
এ ফার্মগুলো পরমাণু দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের বিষয়টি সম্পর্কে পরিস্কার না হওয়া পর্যন্ত কোনো উদ্যোগ নিতে অনিচ্ছুক।
সংশোধিত পরমাণু দায়বদ্ধতা বিলে পরমাণু দুর্ঘটনার ক্ষেত্রে কোম্পানিগুলোর দায়বদ্ধতা বাড়ানো হয়েছে।
সংশোধনীর আগে বিলের আলোচ্য ধারায় বলা হয়েছিল, কোম্পানিগুলো তখনই ক্ষতিপূরণ দেবে যদি তাদের ক্ষতি করার 'অভিপ্রায়' প্রমাণিত হয়। পরে বিলের ধারায় 'অভিপ্রায়' প্রত্যটি বাদ দেওয়া হয়।
দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্য প্রমাণ করা দুঃসাধ্য বলে এ বিলের বিরোধিতা করছিল প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার এ ধারাটি পরিবর্তন করায় বিলে সমর্থন জানায় তারা।
বিজেপির একজন জ্যেষ্ঠ নেতা সাংবাদিকদের বলেন, "আমরা খুবই সন্তুষ্ট যে সরকার বিজেপির দেওয়া সব পরামর্শই বিলে সংযোজন করেছে।"
লোকসভায় ক্ষমতাসীন জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিলটি পাসে বিজেপির সমর্থন গুরুত্বপূর্ণ ছিল।
বিলটি এখন উচ্চকক্ষ রাজ্যসভায় পাঠানো হবে। সেখানে এটি অনুমোদন পেলে প্রেসিডেন্ট বিলটিতে সই করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৯ ঘ.
bdnews24