হেরাত, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ন্যাটোর একটি ঘাঁটিতে বুধবার হামলা চালানোর চেষ্টা করেছে হাজার হাজার বিক্ষোভকারী।
ন্যাটো বাহিনী এক আফগান সেনাকে হত্যা করেছে এমন গুজবের পরিপ্রেক্ষিতে ন্যাটো ঘাঁটিতে বেসামরিক আফগানরা এ হামলার চেষ্টা চালায় বলে ওই অঞ্চলের বাসিন্দারা জানিয়েছে।
এ ঘটনার পর প্রাথমিক পর্যায়ে গোলাগুলির খবর পাওয়া গেলেও স্থানীয় বাসিন্দারা জানান, তুর্কেমেনিস্তান সীমান্তবর্তী প্রদেশ বাদগিসের কাছে কালে-ই-নাওতে ন্যাটো বাহিনীর ঘাঁটির একটি অংশে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ঘাঁটিটি স্প্যানিশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।
ঘাঁটির অভ্যন্তরে অবস্থানরত সেনারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে আব্দুল্লাহ নামের এক ব্যক্তিসহ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়।
এক মুখপাত্র জানিয়েছে, ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনী (ইসাফ)'র কাছে এ ঘটনার কোনো তথ্য এখনো পর্যন্ত আসেনি। তারা বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, তারা এ ঘটনা সম্পর্কে অবগত আছেন এবং বিস্তারিত খবরাখবর নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২১ঘ.
bdnews24