জাতিসংঘ, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কঙ্গোর পূর্বাঞ্চলে রুয়ান্ডা ও কঙ্গোর বিদ্রোহীরা কমপক্ষে ২০০ জন নারীকে গণধর্ষণের ঘটনা প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার সেখানে জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তাকে পাঠিয়েছেন সংস্থাটির মহাসচিব বান কি মুন।
দেশটিতে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী গণধর্ষণের এ ঘটনা সপ্তাহ খানের পর জানতে পারে।
জাতিসংঘের তথ্য অনুসারে মাই মাই মিলিশিয়া ও রুয়ান্ডার হুতু এফডিএলআর বিদ্রোহীরা উত্তর কিভু প্রদেশের লুভুঙ্গি শহরটি ৩০ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত দখল করে রাখে।
এই সময়ের মধ্যে কমপক্ষে ১৫৪ জন নারীকে ধর্ষণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তারা। শুধু নারীরাই নয়, শিশুরাও যৌন সহিংসতার শিকার হয়েছে।
একটি ত্রাণ সংস্থার তথ্য মতে, অনেক নারীই ২ থেকে ৬ জন সশন্ত্র লোকের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে।
জাতিসংঘ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় মর্মাহত বান তাৎক্ষণিকভাবে শান্তিরক্ষা বিভাগের উপ প্রধান অতুল খারেকে কঙ্গো পাঠানোর সিদ্ধান্ত নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৪ঘ.
bdnews24