বাগদাদ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকে মার্কিন সেনা সংখ্যা ৩১ অগাস্ট সময়সীমার আগেই ৫০ হাজারের নিচে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্র মঙ্গলবার একথা বলেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছর ক্ষমতায় এসেই ইরাকে সেনাসংখ্যা ৫০ হাজারের নীচে নামিয়ে আনা এবং যুদ্ধ মিশন শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন ৩১ অগাস্ট পর্যন্ত।
ইরাক যুদ্ধের ৭ বছর পর গত সপ্তাহে দেশটি থেকে চলে গেছে সর্বশেষ মার্কিন কমব্যাট ব্রিগেড। আর ইরাক-যুক্তরাষ্ট্র চুক্তির আওতায় সব মার্কিন সেনাকে ২০১১ সালের মধ্যেই ইরাক ছাড়তে হবে।
মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামার লক্ষ্য অনুযায়ী এবং সেনা প্রত্যাহার প্রক্রিয়ার আওতায় ইরাকে মার্কিন বাহিনীর সেনাসংখ্যা ৫০ হাজারের নিচে নেমেছে।
ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল রেমন্ড ওদিয়েরনো মঙ্গলবার বাগদাদে সাংবাদিকদের জানান, ইরাকে এখন ৪৯ হাজার ৭শ সেনা রয়েছে।
তিনি বলেন, "যুদ্ধ শেষ হয়নি। বিপদ এখনো আছে। আমাদের বাহিনীকে আক্রমণ করার মতো অনেকেই এখানে আছে। তা আমরা সবাই জানি। শেষ সেনাটি এখান থেকে চলে না যাওয়া পর্যন্ত আমাদের প্রতিশ্র"তি পূরণ হবে না।"
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পর এই প্রথম সেখানে মার্কিন সেনাসংখ্যা এত নিচে নেমে এল।
এই গুটিকয়েক সেনা এখন এ বছর ১ সেপ্টেম্বর থেকে ইরাকে 'অপারেশন ইরাকি ফ্রিডম' এর পরিবর্তে 'অপারেশন নিউ ডন' শুরু করবে। তারা ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত ইরাকি নিরাপত্তা বাহিনীকে উপদেশ পরামর্শ দেবে এবং প্রশিক্ষণসহ অন্যান্য সহায়তা করবে।
এ সমস্ত সেনারা সশস্ত্র হলেও তারা কেবলমাত্র আত্মরক্ষার্থে কিংবা ইরাক সরকারের অনুরোধে সে অস্ত্র ব্যবহার করবে।
ইরাকে চলমান সহিংসতা এবং নির্বাচনের পর ৫ মাস ধরে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেও সেখান থেকে ৯০ হাজারেরও বেশি সেনাসহ ৪০ হাজার সেনাযান ও অন্যান আরো প্রায় ১৫ লাখ সাজ-সরঞ্জাম প্রত্যাহার করে নেওয়ার পক্রিয়া গত কয়েকমাসে এগিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
দীর্ঘ ৭ বছরের ইরাক যুদ্ধে ৪ হাজার ৪শ'রও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তাছাড়া, বিভিন্ন সহিংসতায় ইরাকি নাগরিক নিহত হয়েছে কমপক্ষে ১ লাখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৫৯ ঘ.
bdnews24