ম্যানিলা/হংকঙ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যানিলায় পর্যটক জিম্মি ও নিহতের ঘটনায় বিপাকে পড়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনো আকিনো। দীর্ঘদিনের দুর্বল ব্যবস্থাপনা ও অবক্ষয় থেকে ফিলিপাইনের উত্তরণ ঘটাতে তিনি ব্যর্থ হয়েছেন বলে সমালোচনা শুরু হয়েছে।
ফিলিপিনো সরকারের রক্তক্ষয়ী উদ্ধার তৎপরতায় ক্ষুব্ধ হয়েছে চীন।
এছাড়া হংকংয়ের প্রধান নির্বাহী বলেছেন, জিম্মি সংকট চলার সময় তিনি আকিনোর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন।
ডাকাতি ও মাদক কেলেঙ্কারির অভিযোগে ফিলিপাইনের পুলিশ বাহিনী থেকে বহিস্কার হওয়া সাবেক এক পুলিশ কর্মকর্তা চাকরি ফিরে পাওয়ার দাবিতে সোমবার একটি বাসে থাকা হংকঙের ১৫ পর্যটককে জিম্মি করে।
১২ ঘণ্টা জিম্মি দশার পর ফিলিপাইনের পুলিশ সদস্যরা বাসটিতে হামলা চালিয়ে জিম্মিকারীকে গুলি করে হত্যা করে ৭ জিম্মিকে জীবিত উদ্ধার করে।
এ ঘটনায় জিম্মি থাকা হংকঙের আট পর্যটকও নিহত হয়।
এ ঘটনার পর হংকঙ তার অধিবাসীদের ফিলিপাইন ভ্রমণ না করার জন্য নির্দেশ দিয়েছে।
ওদিকে, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র 'দ্য পিপলস ডেইলি' পরিচালিত দৈনিক ট্যাবলয়েড পত্রিকা 'গ্লোবাল টাইমস' বলেছে, বাজেভাবে পরিচালিত উদ্ধারকাজ দেশটির চরম অব্যবস্থাপনার চিত্রকে পরিস্কার করেছে।"
পত্রিকাটি বলেছে, "ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে গোলমেলে দেশগুলোর একটি। উপনিবেশিক সংস্কৃতি, স্বৈরশাসন এবং ঘন ঘন সরকারের পরিবর্তন দেশটিতে সব ধরনের দুঃখ-দুর্দশার সৃষ্টি করেছে।"
দুই মাসেরও কম সময় আগে অ্যাকুইনো যেখানে শপথ নিয়েছেন তার সামনেই সারাদিন ধরে জিম্মির ঘটনাটি ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/ ২০১৩ঘ.
bdnews24