২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে জিম্মিকারী নিহত, কয়েকজন জীবিত উদ্ধার

ফিলিপাইনের পুলিশ সোমবার ম্যানিলায় হংকঙের ১৫ পর্যটককে জিম্মিকারী সাবেক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে কয়েকজন জিম্মিকে জীবিত উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ম্যানিলা, ফিলিপাইন, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের পুলিশ সোমবার ম্যানিলায় হংকঙের ১৫ পর্যটককে জিম্মিকারী সাবেক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে কয়েকজন জিম্মিকে জীবিত উদ্ধার করেছে। পুলিশ কর্মকর্তা নেলসন ইয়াবুত সাংবাদিকদের বলেন, "জিম্মিকারীকে হত্যা করা হয়েছে। সে আমাদের লক্ষ্য করে বাইরে গুলি ছুড়েছিল।" ফিলিপাইনে ডাকাতি ও মাদক কেলেঙ্কারির অভিযোগে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত হওয়ায় ক্ষুব্ধ সাবেক এক পুলিশ কর্মকর্তা রোলান্দো মেনদোজা ম্যানিলায় একটি বাসের চালকসহ পর্যটকদের জিম্মি করে। চাকরি ফিরে পাওয়ার চেষ্টায় রোলান্দো মেনদোজা সোমবার সকালে এম-সিক্সটিন রাইফেল নিয়ে বাসটি আটকায়। প্রাথমিকভাবে বাসটিতে ২৫ জন যাত্রী ছিলো। পরে আলাপ-আলোচনার ভিত্তিতে রোলান্দো ৯ জিম্মিকে মুক্তি দিলেও ১৫ জন জিম্মি থাকে। সে ম্যানিলার সবচেয়ে বড় পার্কের কাছে প্রশস্ত সড়কে পর্যটকদের নিয়ে বাসটি রাখে। ১১ ঘণ্টা ধরে চলতে থাকা এ জিম্মি সংকট নিরসনে পুলিশ জিম্মিকারীকে গুলি করে হত্যা করে তার অবসান ঘটায়। রেড ক্রস জানিয়েছে, বাসের মধ্যে জিম্মি থাকা পর্যটকদের মধ্যে কমপক্ষে ৫ জন জীবিত অবস্থায় বাস থেকে বের হয়ে এসেছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টেলিভিশন ফুটেজে চার পর্যটককে বাস থেকে জীবিত বের হয়ে আসতে দেখা গেছে এবং অন্তত চার জন নিহত হয়েছে বলে স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে। অন্য সাত পর্যটকের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি। ওদিকে, টেলিভিশন ফুটেজে বেশ কয়েকটি মৃতদেহ বাস থেকে বের করতে দেখা গেছে। তবে হতাহতের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২৪৫ ঘ.