২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পরমাণু বিলে ফের আপত্তি বিরোধীদলের

ভারতে প্রস্তাবিত পরমাণু দায়বদ্ধতা বিলে দুর্ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি কঠিন হওয়ায় বিলটি নিয়ে নতুন করে আপত্তি তুলেছে প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 10:22 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

নয়া দিলি, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে প্রস্তাবিত পরমাণু দায়বদ্ধতা বিলে দুর্ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি কঠিন হওয়ায় বিলটি নিয়ে নতুন করে আপত্তি তুলেছে প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারত সরকার এর আগে পরমাণু দুর্ঘটনায় ক্ষতিপূরণের অর্থ দ্বিগুণ করার পাশাপাশি বেসরকারি কোম্পানীগুলোর দায়দায়িত্ব আরো বাড়ানোর সুপারিশ মানতে রাজি হলে বিজেপি বিলটি সমর্থন করেছিল। বর্তমান বিলের ধারায় বলা আছে, কোম্পানীগুলো কেবলমাত্র সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেবে যদি ক্ষতির ঘটনা ইচ্ছাকৃত বলে প্রমাণিত হয়। বিজেপি এ ধারার বিরোধিতা করেছে। পার্লামেন্টের উচ্চকক্ষে বিজেপির উপনেতা এস.এস. আহলুয়ালিয়া বলেছেন, "তারা 'ইচ্ছাকৃতভাবে' শব্দটি যোগ করেছে। আর সেখানেই সমস্যা। তিনি আরো বলেছেন, "ক্ষতিপূরণ মামলার ক্ষেত্রে তা ইচ্ছাকৃত কিনা এ ব্যাপারটি প্রমাণ করা কঠিন। এ আইন যথার্থ নয়।" পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও উচ্চকক্ষে বিলটি পাশের জন্য বিজেপির সমর্থন প্রয়োজন। ভারতের মন্ত্রিসভায় ইতোমধ্যেই বিলটির সংশোধনী অনুমোদন পেয়েছে। বিজেপি সে সময়ও বিলে সংযোজিত একটি শব্দ নিয়ে আপত্তি জানায়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমর্থন রয়েছে এ বিলে। ভারতে চলতি পার্লামেন্ট সেশন শেষ হবে ৩১ অগাস্ট। সরকার এ সময়ের মধ্যেই এ বিলটি আইনে পরিণত করার আশা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬১২ ঘ.