সিডনি, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে না। তাই নতুন সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন।
দুটি প্রধান দলই রোববার স্বতন্ত্র প্রর্থীদের নিজ নিজ দলে টানার চেষ্টা করছে।
১৯৪০ সালের পর অস্ট্রেলিয়ায় এই প্রথম কোনো নির্বাচনে সরকার গঠনের জন্য এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ পর্যন্ত ৭৮ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দলের মধ্যে কোনো দলই এককভাবে সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় আসন পায়নি।
প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টি পেয়েছে ৭০ টি আসন এবং টনি অ্যাবোটের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট পেয়েছে ৭২ টি আসন।
কিন্তু ১৫০ আসনের পার্লামেন্টের নিুকক্ষে নিয়ন্ত্রণ পেতে হলে প্রয়োজন ৭৬ টি আসন।
তাই পার্লামেন্টের নিুকক্ষে ক্ষমতার লাগাম ধরতে হলে চারজন স্বতন্ত্র প্রার্থীর ওপর নির্ভর করতে হবে।
প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড শনিবার তার দলের সমর্থকদের উদ্দেশে বলেন, "এখনই নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি। অনেক আসন বাকি যার ফলাফল এখনো পাওয়া যায়নি।"
তিনি জানান, চূড়ান্ত ফলাফল পেতে কয়েকদিন সময় লাগবে।
কিন্তু পরবর্তী সরকার গঠন যাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে সেসব নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীদের মন জয়ের চেষ্টা ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন বলেও জানান তিনি।
ওিেদক, শনিবারের এ নির্বাচনের পর সরকার গঠনের জন্য পার্লামেন্টের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কথা বলবেন বলে জানান বিরোধী দলীয় নেতা টনি আ্যাবোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৩৪০ ঘ.
bdnews24