২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসেঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নাটক

উইকিলিক্স ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও উত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা আবার প্রত্যাহার করেছে সুইডেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 05:41 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

স্টকহোম, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিক্স ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও উত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা আবার প্রত্যাহার করেছে সুইডেন। সুইডেনের ন্যাশনাল প্রসিকিউটরস অফিস শনিবার একথা জানিয়েছে। প্রসিকিউটরস অফিস তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির পিছনে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই বলে প্রধান প্রসিকিউটর ইভা ফিনে নিশ্চিত হয়েছেন। প্রসিকিউটরস অফিসের এক মুখপাত্র বলেন, অ্যাসেঞ্জেকে আর খুঁজছে না সুইডিশ কর্তৃপক্ষ। তিনি রয়টার্সকে বলেন, "তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নেই বলে সিদ্ধান্তে পৌঁছেছেন ফিনে। ধর্ষণ নিয়ে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।" শুক্রবার রাতে ধর্ষণ ও উত্যক্ত করার অভিযোগে অ্যাসেঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুইডিশ কর্তৃপক্ষ। গত মাসের শেষ দিকে উইকিলিক্স ওয়েবসাইটটি যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা ঘটায়। আফগান যুদ্ধে নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণসহ বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে ওয়েবসাইটটি। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত আফগান যুদ্ধ নিয়ে তার ওয়েবসাইটটি মার্কিন সামরিক বাহিনীর ৭৬ হাজার গোপন নথি প্রকাশ করেছে এবং আগামী কয়েক সপ্তাহে আরো কয়েক হাজার দলিল প্রকাশের কথা বলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২৩৩৬ ঘ.