২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ-মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে ইরান

ইরানের গবেষণামূলক চুল্লির জন্য পরমাণু জ্বালানি সরবরাহের নিশ্চয়তা দেওয়া হলে তেহরান উচ্চ-মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 04:46 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

বুশেহর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের গবেষণামূলক চুল্লির জন্য পরমাণু জ্বালানি সরবরাহের নিশ্চয়তা দেওয়া হলে তেহরান উচ্চ-মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে জাপানের একটি পত্রিকা শুক্রবার একথা জানিয়েছে। ইরানের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের প্রাক্কালে জাপানি পত্রিকায় প্রকাশিত আহমাদিনেজাদের এ মন্তব্যে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ দূর করতে তেহরানের আপোসরফার মনোভাব জেগে ওঠারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পশ্চিমা শক্তিগুলোর ধারণা, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। গত ফেব্র"য়ারিতে ইরান আগের ৩ দশমিক ৫ শতাংশের তুলনায় ইউরেনিয়াম আরো বেশি মাত্রায় অর্থাৎ, ২০ শতাংশ সমৃদ্ধ করতে শুরু করলে পশ্চিমাদের উদ্বেগ বেড়ে যায়। ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরি উপযোগী ইউরেনিয়ামের মাত্রার অনেকটা কাছাকাছি। তবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশেই পরিচালনা করা হচ্ছে বলে দাবি করে আসছে। আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর কারণ হিসাবে ইরান বলেছে, জাতিসংঘের উদ্যোগে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্সের সঙ্গে জ্বালানি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা গত বছর স্থবির হয়ে পড়াতেই তাদেরকে এ পদক্ষেপ নিতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২৪১ ঘ.