বাগদাদ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদার ইরাকি সংগঠন শুক্রবার বাগদাদের সেনা নিয়োগ কেন্দ্রে হামলার দায় স্বীকার করেছে। মঙ্গলবারের এ হামলায় কমপক্ষে ৫৭ জন প্রাণ হারিয়েছে।
মুসলিম জঙ্গিদের একটি ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে আল কায়েদার স্থানীয় একটি ছায়া সংগঠন 'দ্য ইসলামিক স্টেট অব ইরাক' (আইএসআই) হামলার দায় স্বীকার করে বলে কড়া নিরাপত্তাধীন এলাকাই তাদের হামলার লক্ষ্য ছিল।
বিবৃতিতে বলা হয়, স্টেট অব ইসলামের এক বীর আত্মঘাতী বেল্ট পরে ওই সমস্ত অবিশ্বাসীদের ভিড়ের মধ্যে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, যারা সামান্য অর্থের জন্য ইসলাম বিক্রি করে দিয়েছে।
মঙ্গলবার সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী হামলাটি ইরাকে চলতি বছরের প্রাণঘাতী হামলাগুলোর অন্যতম। ইরাকের সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদনপত্র হাতে একদল ইরাকি যুবকের ভিড়ে আত্মঘাতী হামলাকারী হামলাটি চালায়।
ইরাক থেকে ৩১ অগাস্ট মার্কিন সেনা প্রত্যাহারের কয়েকদিন আগে এ হামলার ঘটনা ঘটল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩৬ ঘ.
bdnews24