২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেন্টাগনের ৯/১১ হামলাস্থলের কাছে মুসলিমরা নিয়মিত নামাজ পড়ে

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারের পাশাপাশি পেন্টাগনেও ইসলামি জঙ্গিদের ছিনতাই করা একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই স্থানের কাছাকাছি নির্ধারিত উপাসনালয়ে মুসলিমরা নিয়মিত নামাজ আদায় করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 06:17 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ওয়াশিংটন, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারের পাশাপাশি পেন্টাগনেও ইসলামি জঙ্গিদের ছিনতাই করা একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই স্থানের কাছাকাছি নির্ধারিত উপাসনালয়ে মুসলিমরা নিয়মিত নামাজ আদায় করে। নিউ ইয়র্কের ৯/১১ হামলাস্থলের কাছাকাছি একটি সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে যে তুমুল রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে পেন্টাগনের এই বিষয়টি সামনে চলে আসে। ২০০২ সালে নানা ধর্মবিশ্বাসীদের কমন প্রার্থনাস্থল হিসাবে এই স্থানে খ্রিস্টীয় উপাসনালয়টি পুনঃসংস্কার করা হয়। মুসলিম, ইহুদি, ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, মর্মন ও ইপিসকাপেইলিয়ানরা এখানে এসে তাদের প্রার্থনা করে যায়। পেন্টাগনের এক সেনা মুখপাত্র জর্জ রাইট বৃহস্পতিবার বলেন, "আগামী মাসে এখানে আমার চার বছর পূর্ণ হবে। কিন্তু এই উপাসনালয় কিংবা এর কাজকর্ম কখনোই আলোচনার বিষয়ে পরিণত হয়নি।" সন্ত্রাসী হামলার শিকার ম্যানহাটনের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দুই ব্লক দূরে একটি মসজিদ ও কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনায় মার্কিন জনগণ প্রকাশ্য প্রতিবাদ জানাচ্ছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিভক্তি তৈরি হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা যিনি একজন ডেমোক্রেট এবং নিউ ইয়র্কের নির্দলীয় মেয়র মাইকেল ব্লুমবার্গ গ্রাউন্ড জিরোর কাছাকাছি বেসরকারি পর্যায়ে এ ধরনের স্থাপনা নির্মাণে মুসলিমদের যে অধিকার তার পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু রিপাবলিকানরা এই বিষয়কে পুঁজি করে ওবামার ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। নিউ ইয়র্কের প্রকল্প নিয়ে রাজনৈতিক উত্তেজনার মাঝেই যখন টেলিভিশন টক শোতে দাবি করা হয়, পেন্টাগনের কাছেও একটি মসজিদ রয়েছে, তখন এই উপাসনালয়টি সবার সামনে চলে আসে। রাইট জানান, "না তা নয়, সেখানে বহুধর্ম পালনের জন্য একটি উপাসনালয় রয়েছে।" তিনি আরো জানান, পরিসংখ্যান অনুযায়ী প্রতি সপ্তাহে ৩শ' থেকে ৪শ' মানুষ এই উপাসনালয়টি এককভাবে অথবা দলগতভাবে তাদের প্রার্থনা ও মেডিটেশনের জন্য ব্যবহার করে থাকে। মার্কিন সেনা বাহিনীতে কমপক্ষে ৩২৬৪ জন মুসলিম সেনা রয়েছে। তাদের মধ্যে প্রতি ১০ জনে ১ জনের বেশি মুসলিম নারী কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০৮ঘ.