ইসলামাবাদ, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ পাকিস্তানে বন্যা দুর্গত ৮০ লাখ মানুষের জরুরী খাদ্য সাহায্য প্রয়োজন। জাতিসংঘ বৃহস্পতিবার একথা জানিয়েছে।
এর আগের ঘোষণায় জাতিসংঘ ৬০ লাখ বন্যা দুর্গত মানুষের জরুরী ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানালেও পরে এ সংখ্যা বেড়ে ৮০ লাখ হয়েছে।
জাতিসংঘের মানবিক ত্রাণকার্যক্রম বিষয়ক মুখপাত্র মাউরিজিও গুইলিয়ানো সাংবাদিকদের বলেছেন, এরকম বিপর্যয়কর পরিস্থিতিতে প্রতিদিন আমরা নতুন কিছু জানতে পারছি।
আমাদের ধারণার চেয়েও বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যা দুর্গত মানুষের সংখ্যা ৬০ লাখ থেকে বেড়ে ৮০ লাখ হয়েছে।
অন্যদিকে, গৃহহীন হয়েছে ৪০ লক্ষাধিক মানুষ।
জাতিসংঘ এর আগে পাকিস্তানে বন্যায় ২০ লাখ লোক গৃহহীন হওয়ার কথা জানিয়েছিল। অপরিবর্তিত বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কেবলই বাড়ছে।
বন্যায় ক্ষতির পরিমাণ কয়েক শ' কোটি ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাকিস্তান সরকার দেশটিতে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনার মুখে এই বন্যা সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
স্মরণকালের ভয়াবহ এ বন্যায় পাকিস্তানে ১৬শ'রও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১১৫ গ.
bdnews24