২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের জন্য তহবিল সংগ্রহে জাতিসংঘের আপ্রাণ চেষ্টা

পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে জাতিসংঘ। এ নিয়ে দাতাদের সঙ্গে রীতিমতো লড়াই করছে সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ইসলামাবাদ, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে জাতিসংঘ। এ নিয়ে দাতাদের সঙ্গে রীতিমতো লড়াই করছে সংস্থাটি। পাকিস্তানে বর্তমানে ৬০ লাখ বন্যা দুর্গত একটু খাবার ও সুপেয় পানির জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করলেও তাদের একটি ক্ষুদ্র অংশ কিছুটা ত্রাণ সহায়তা পাচ্ছে। এ অসহায় মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিতে মঙ্গলবার জাতিসংঘ আরো তহবিলের জন্য জরুরি ভিত্তিতে আবেদন জানিয়েছে। তাছাড়া, দুষিত পানি ও কীট পতঙ্গের সঙ্গে একাকার হয়ে জীবনযাপনের কারণে বন্যা দুর্গত ৩৫ লাখ শিশুর প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলেও হুঁশিয়ারি জানিয়েছে জাতিসংঘ। এমন হলে পাকিস্তানের ১৭ কোটি মানুষের এক দশমাংশ প্রাণ হারাবে। ইউনিসেফের আঞ্চলিক শাখা দক্ষিণ এশিয়ার পরিচালক ড্যানিয়েল টুল সাংবাদিকদের বলেন, "এখানে পানিবাহিত রোগ ডায়রিয়া, কলেরা ও শ্বাসনালীর ইনফেকশন রয়েছে এবং তা খুব দ্রুত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।" জাতিসংঘের মুখপাত্র মাউরিজিও গিউলিয়ানো রয়টার্সকে বলেন, "খুব কম মানুষেরই খাবার ও পানির চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। এর সবচেয়ে বড় কারণগুলোর একটি তহবিল স্বল্পতা।" ভূমিকম্প বা সুনামির তুলনায় বন্যায় ক্ষয়ক্ষতি পরে দেখা দেয় বলে অনুদানের ব্যাপারে দাতাদের আগ্রহও একটু কম বলে জানান তিনি। তিনি বলেন, "৩০ সেকেন্ডে বন্যা হয় না। কিন্তু মানবিক ত্রাণ সহায়তার প্রয়োজন এখানে হাইতির চেয়ে বেশি।" স্মরণকালের ভয়বহ বন্যায় পাকিস্তানে ১৬ শ'র বেশি মানুষ নিহত এবং প্রায় ২ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫০ ঘ.