সিঙ্গাপুর, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে মহাসাগরে তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির কারণে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী সামুদ্রিক প্রবাল মরে যাচ্ছে।
প্রথমে যা ধারণা করা হয়েছিল তার চেয়েও বেশি হারে প্রবাল মরে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
তাপমাত্রা বাড়ার কারণে সাদা হয়ে প্রবাল মরে যাওয়ার বিষয়টি প্রথম ধরা পড়ে গত মে মাসে আন্দামান সাগরের সমুদ্রপৃষ্ঠের তামপাত্রাবৃদ্ধি রেকর্ড করার মাধ্যমে।
প্রবাল সাদা হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক গবেষকদের একটি দল বলেছে, মে মাসে প্রথম এ বিষয়টি নজরে আসার পর থেকে এখানে কয়েক জাতের প্রায় ৮০ শতাংশ প্রবাল মরে গেছে।
ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসে আরো প্রবাল মরে যাবে। এর ফলে প্রবালপ্রাচীর থেকে আহরিত খাদ্য এবং পর্যটনের ওপর নির্ভরশীল স্থানীয় অধিবাসীদের জীবনে বিপর্যয় নেমে আসবে।
এ অঞ্চলের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের জেমস কুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এন্ড্রু বার্ড বলেছেন, আচেহ প্রদেশের সমুদ্রে প্রবাল মৃত্যুর যে অস্বাভাবিক হার আমরা দেখছি একইভাবে তা আন্দামান সাগরেও ঘটছে।"
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন 'ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি' (ডব্লিওসিএস) এক বিবৃতিতে বলেছে, "এমন চলতে থাকলে এটিই হবে এ যাবৎকালে সর্বোচ্চ সামুদ্রিক প্রবাল মৃত্যুর ঘটনা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/এলকিউ/ ২০৫৯ ঘ.
bdnews24