২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে ৯০ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার বিশ্ব ব্যাংকের

পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যার্থে ৯০ কোটি মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে বিশ্ব ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 08:59 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ইসলামাবাদ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যার্থে ৯০ কোটি মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে বিশ্ব ব্যাংক। আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, বন্যার কারণে লাখ লাখ মানুষ এখন রোগের ঝুঁকিতে রয়েছে। এ তথ্যের ভিত্তিতেই বিশ্ব ব্যাংক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, পাকিস্তানের এ দুর্যোগে প্রায় ৩৫ লাখ শিশু দূষিত পানি ও পোকা-মাকড়ের কারণে প্রাণঘাতী রোগের মুখোমুখি হতে পারে। পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ এ বন্যায় ১ কোটি ৭০ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে যা দেশটির মোট জনসংখ্যার দশ ভাগ। বন্যায় কমপক্ষে ১ হাজার ৬০০ জনের প্রাণহানি এবং ২০ লাখ লোক বাস্তুহারা হয়েছে। পাকিস্তানজুড়ে কয়েকশ' গ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে। ভৌত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। হাজার হাজার ঘরহারা মানুষ রাস্তার পাশে তাবু টানিয়ে থাকতে বাধ্য হচ্ছে। বিশ্বব্যাংকের এ তহবিল পরিকল্পিত প্রকল্পগুলোয় নতুন করে চালু করা এবং বরাদ্দকৃত তহবিলের ঘাটতি পূরণের মাধ্যমে দেওয়া হবে। তবে এ তহবিল বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তায় কীভাবে ব্যবহৃত হবে, সে ব্যাপারে কিছু জানায়নি বিশ্ব ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৫২ঘ.