২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২য় দফায় সামরিক মহড়া শুরু করছে যুক্তরাষ্ট্র-দ কোরিয়া

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সোমবার থেকে দ্বিতীয় দফায় যৌথ সামরিক মহড়া শুরু করছে। একমাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এ সামরিক মহড়া উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা আরো বাড়াবে এবং চীনকে ক্ষুব্ধ করবে বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

সিউল, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সোমবার থেকে দ্বিতীয় দফায় যৌথ সামরিক মহড়া শুরু করছে। একমাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এ সামরিক মহড়া উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা আরো বাড়াবে এবং চীনকে ক্ষুব্ধ করবে বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে নিজস্ব সামরিক মহড়া শেষ হওয়ার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাৎসরিক যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান ডুবি নিয়ে উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়াকে কোনোরকম হামলা চালানো থেকে বিরত রাখতে জুলাইয়ে প্রথম দফা যৌথ সামরিক মহড়া শুরু করে ওয়াশিংটন-সিউল। ওই মহড়ায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। তবে এ মাসের ২য় দফা মহড়াটি অত বড় আকারের হবে না বলেই মনে করা হচ্ছে। এ সামরিক মহড়া বিপজ্জনক এবং যুদ্ধ শুরুর পাঁয়তারা বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল তার কনিষ্ঠ ছেলের হাতে ক্ষমতা হস্তান্তরের যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন তাতে সামনে দেশটি আরো উস্কানিমূলক আচরণ করতে পারে বলে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন। । ওয়াশিংটন এবং দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মহড়াটি মূলত প্রতিরক্ষা কেন্দ্রিক এবং উত্তর কোরিয়াকে সংযত আচরণ করার বার্তা পাঠানোর উদ্দেশ্যেই এ পরিকল্পনা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮১২ ঘ.