পানামা সিটি বিচ, ফা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেল বিপর্যয়ের সময় পেরিয়ে মেক্সিকো উপসাগরের সমুদ্র উপকূল এলাকা এখন নিরাপদ এবং 'ব্যবসার জন্য উপযুক্ত'। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার উপসাগর তীরবর্তী এলাকা সফরকালে একথা বলেছেন।
গত এপ্রিল মাসে মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের পর শনিবার পঞ্চমবারের মতো ওই এলাকায় সফরে গেলেন ওবামা। সেখানে তিনি পানিতে সাঁতারও কেটেছেন।
বিশ্বে তেলকূপ বিস্ফোরণের সবচেয়ে বড় এ ঘটনার পর অর্থনীতি ও পরিবেশ পুনরুদ্ধারের প্রতিশ্র"তিও দেন তিনি।
স্থানীয় ব্যবসায়ী মালিকদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের ওবামা বলেন, "এক মাস ধরে উপসাগরে আর তেল প্রবাহিত হচ্ছে না। তবে আমি এখানে এসেছি এটা জানাতে যে আমাদের কাজ শেষ হয়নি এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি না।"
"আমার প্রশাসন এ অঙ্গীকার রক্ষা করবে।"
ব্রিটিশ তেল কোম্পানি বিপি তেলকূপের ছিদ্র বন্ধে শক্ত ক্যাপ লাগানোর পর গত ১৫ জুলাই থেকে তেল নিঃসরণ বন্ধ রয়েছে।
এ পরিস্থিতিতে ফ্লোরিডার বিখ্যাত হোয়াইট স্যান্ড বিচ সফরে পর্যটকদের উৎসাহিত করা এবং পর্যটন শিল্পে গতি আনতে মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবার মেক্সিকো উপসাগর সফরে যান।
মার্কিন জনগণকে আশ্বস্ত করে তিনি বলেছেন, "বিপর্যয়ের সময় কেটে গেছে। আর পরিচ্ছন্নতা অভিযানের কারণে উপসাগরবর্তী সব সমুদ্র সৈতক এখন পরিস্কার, নিরাপদ এবং পর্যটন ব্যবসার জন্য উপযোগী।"
স্ত্রী ও ছোট মেয়ের কথা উল্লেখ করে ওবামা বলেন, "মিশেল, সাশা ও আমার এখানে আসার পেছনে এটাও একটা কারণ।"
হোয়াইট হাউস পরে উপসাগরের পানিতে ৯ বছরের মেয়ে শাসাকে নিয়ে ওবামার খেলা করার একটি ছবিও প্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৩১ ঘ.
bdnews24