২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬০ কোটি ডলারের সীমান্ত নিরাপত্তা বিলে ওবামার সই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার মেক্সিকো সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করতে ৬০ কোটি ডলারের একটি নিরাপত্তা বিলে সই করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 09:05 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ওয়াশিংটন, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার মেক্সিকো সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করতে ৬০ কোটি ডলারের একটি নিরাপত্তা বিলে সই করেছেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জ্যানেট নেপোলিতানো শুক্রবার সাংবাদিকদের একথা জানিয়েছেন। এছাড়া ওবামার উপদেষ্টামণ্ডলী যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা পুনর্গঠনের ব্যাপারে কাজ করার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। নভেম্বরে অনুষ্ঠেয় কংগ্রেস নির্বাচনে অবৈধ অভিবাসন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা পুনর্গঠন প্রক্রিয়া চাঙ্গা করতে ওবামা প্রশাসন সীমান্ত নিরাপত্তা জোরদার করার পরিকল্পনাকে প্রাথমিক পদক্ষেপ বলে মনে করছে। কংগ্রেস এ নিরাপত্তা বিলটি চলতি সপ্তাহে অনুমোদন করে ওবামার কাছে পাঠায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর সরকার সীমান্তে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে ও মাদক পাচার রোধ করতে ব্যর্থ হওয়ায় সে রাজ্যগুলোর জন্য অতিরিক্ত বরাদ্দ দেওয়ার পক্ষে ছিলেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৫০২ ঘ.