ডাবলিন, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে জার্মানিতে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। জিডিপি এক লাফে বেড়ে হয়েছে ২ দশমিক ২। জার্মান অর্থনীতির এই মজবুত ভিত্তি চাঙ্গা করেছে ইউরো জোনকেও।
ইউরো অঞ্চলের ১৬ টি দেশের প্রবৃদ্ধির হার বছরের এ সময়টিতে বেড়ে ১ দশমিক ০ শতাংশ হয়েছে। বছরের প্রথম তিন মাসে ০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় এ হার বেশি।
ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। যা ০ দশমিক ২ শতাংশ থেকে বেশি। স্পেনের প্রবৃদ্ধি বেড়েছে ০ দশমিক ২ শতাংশ। যা এ বছরের প্রথম তিন মাসে ০ দশমিক ১ শতাংশের চেয়ে বেশি। ওদিকে, ইতালিতে প্রবৃদ্ধির হার ০ দশমিক ৪ শতাংশতেই রয়ে গেছে।
এর মধ্যে জার্মানিতে রেকর্ড অর্থনৈতিক প্রবৃদ্ধির সুখবরে চাঙ্গা হয়ে উঠেছে ইউরোপের স্টক এক্সচেঞ্জগুলো। দুই জার্মানি একত্রীকরণের পর প্রবৃদ্ধির এমন হার আর দেখা যায়নি।
কয়েকদিন আগেই ইউরোপে গ্রিসসহ কয়েকটি দেশে অর্থনৈতিক দুরবস্থা ইউরোপীয় ইউনিয়নকে সংকটে ফেলে দেয়। বিশ্ববাজারে ইউরোর মান পড়তে শুরু করে।
এমন সময়ে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির এ প্রবৃদ্ধিকে মন্দার পর আশীবার্দ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
জার্মানির অর্থমন্ত্রী রাইনার ব্র"ডেরলে বছর শেষেও প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন।
জার্মান সরকার এ বছর জিডিপি আরো কম ১ দশমিক ৪ শতাংশ হবে বলে ধারণা করেছিল। কিন্তু এখন অর্থনীতিবিদরা বলছেন, বছর শেষে প্রবৃদ্ধি ৩ শতাংশ বা তার বেশিও হতে পারে।
সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ ও রপ্তানী বেড়েই জার্মানিতে এই অভূতপূর্ব প্রবৃদ্ধি হয়েছে।
তবে জার্মান অর্থনীতির এ চাঙ্গা অবস্থাতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কয়েকজন অর্থনীতিবিদ। লন্ডনের অর্থনীতিবিদ জেনিফার ম্যাককেওন বলেন, বছরের পরবর্তী সময়ে এ ধারা অব্যাহত নাও থাকতে পারে।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১১০ ঘ.
bdnews24