কিউবা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালত বুধবার আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাবেক বাবুর্চিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।
তবে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে গোপন সমঝোতার কারণে তাকে অনেক কম সাজা ভোগ করতে হবে বলে ধারণা করা হচ্ছে।
কিউবার গুয়ান্তানামো উপসাগরের মার্কিন নৌ ঘাঁটিতে অবস্থিত যুদ্ধাপরাধ আদালতে গত মাসে সুদানের নাগরিক ইব্রাহিম আল কোসি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেয়।
তার বিরুদ্ধে আল কায়েদার সঙ্গে ষড়যন্ত্রে অংশগ্রহণসহ মালামাল সরবরাহ করে সন্ত্রাসবাদে সহায়তা করার অভিযোগ উত্থাপন করা হয়।
কোসি (৫০) কে আট বছরেরও বেশি সময় ধরে গুয়ান্তানামো বন্দিশালায় আটক করে রাখা হয়েছে।
আফগানিস্তানে লাদেনের 'স্টার অফ জিহাদ' রান্না ঘর পরিচালনার সময় আল কায়েদাকে সন্ত্রাসি সংগঠন হিসেবে জানার কথা স্বীকার করেছেন কোসি।
সুদানে লাদেনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি আফগানিস্তানে আসেন বলেও জানান।
এছাড়া আফগানিস্তানের তোরাবোরা পর্বতমালা দিয়ে আল কায়েদা নেতাদের পালাতে সহায়তা করার কথাও স্বীকার করেছেন লাদেনের এই সাবেক বাবুর্চি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২২৬ঘ.
bdnews24