২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ তদন্ত প্রত্যাখ্যান, শ্রীলঙ্কা কমিশনের কাজ শুরু

তামিল টাইগারদের বিরুদ্ধে লড়াইকালে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগের জাতিসংঘ তদন্ত প্রত্যাখান করে বুধবার কাজ শুরু করেছে শ্রীলঙ্কা সরকারের তদন্ত কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

কলম্বো, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তামিল টাইগারদের বিরুদ্ধে লড়াইকালে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগের জাতিসংঘ তদন্ত প্রত্যাখান করে বুধবার কাজ শুরু করেছে শ্রীলঙ্কা সরকারের তদন্ত কমিশন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের নিয়োগ দেওয়া তদন্ত কমিশন বুধবার প্রথম বৈঠক করেছে। শ্রীলংকায় ২৫ বছরের গৃহযুদ্ধের শেষ পর্যায়ে তামিল টাইগারদের সঙ্গে সেনাবাহিনীর চূড়ান্ত লড়াইয়ের সময়টি নিয়ে আলোচনা বৈঠকে প্রাধান্য পেয়েছে। ওই লড়াইয়ে ২০০৯ সালের মে মাসে তামিল টাইগাররা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কিন্তু লড়াইকালে শ্রীলঙ্কা মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে। যুদ্ধ শেষের আগমুহূর্তে কয়েক হাজার বেসামরিক তামিলকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যুদ্ধাপরাধের নিরপেক্ষ তদন্তের জন্য পশ্চিমা দেশগুলোর প্রস্তাব প্রত্যাখান করে প্রেসিডেন্ট রাজাপাকসে তার নিজস্ব প্যানেল নিয়োগ দেন। ভবিষ্যতে কোনো জাতিগত সহিংসতার হাত থেকে দেশটিকে রক্ষা করাই তার এ তদন্তের লক্ষ্য। তদন্ত কমিশনের প্রধান সাবেক অ্যাটর্নি জেনারেল সি আর ডি সিলভা রয়টার্সকে বলেন, "যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া গেলে আমরা সে বিষয়গুলো খতিয়ে দেখবো।" তিনি আরো বলেন, "মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেলে সেগুলো চিহ্নিত করে আমরা তা কর্তৃপক্ষের মাধ্যমে অপরাধ বিচারের দায়িত্বরতদের কাছে পাঠাবো।" তবে আন্তর্জাতিক তদন্ত প্রত্যাখান করে শ্রীলঙ্কা সরকার নিজেরাই যুদ্ধপরাধের অভিযোগ খতিয়ে দেখার অঙ্গীকার করায় তাদের এ তদন্তকে লোকদেখানো বলে প্রত্যাখান করেছেন সমালোচকরা। সপ্তাহের শেষদিকে তামিলদের বিরুদ্ধে যুদ্ধস্থল শ্রীলঙ্কার উত্তরাঞ্চল সফরের কথা রয়েছে কমিশনের। সেখানে তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত তামিলদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন। এ মাসের শেষদিকে শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী গোতবায়া রাজাপাকসের সাক্ষ্য নেবে কমিশন। এছাড়া বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং রাজনীতিকেরও সাক্ষ্য নেবে তদন্ত কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৪৬ঘ.