২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বাস-প্রশ্বাস পরীক্ষা ক্যান্সার নির্ণয়ে সহায়ক

একটি 'বৈদ্যুতিক নাক' ব্যবহার করে শ্বাস-প্রশ্বাস পরীক্ষার মাধ্যমে ফুসফুস, স্তন, অন্ত্র ও প্রোস্টেট ক্যান্সার নির্ণয় করা যেতে পারে। ইসরায়েলি বিজ্ঞানীরা বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

লন্ডন, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একটি 'বৈদ্যুতিক নাক' ব্যবহার করে শ্বাস-প্রশ্বাস পরীক্ষার মাধ্যমে ফুসফুস, স্তন, অন্ত্র ও প্রোস্টেট ক্যান্সার নির্ণয় করা যেতে পারে। ইসরায়েলি বিজ্ঞানীরা বুধবার একথা বলেছেন। সংবেদনশীল সে যন্ত্রটি ব্যবহার করে রাসায়নিক মাত্রার তারতম্য নির্ণয়ের মাধ্যমে তারা শুধু স্বাস্থ্যসম্মত ও ক্ষতিকর শ্বাস-প্রশ্বাসের পার্থক্যই নির্ধারণ করেননি; পাশাপাশি চার ধরনের সাধারণ টিউমার নির্ণয়েও সক্ষম হয়েছেন। এই প্রযুক্তিটির উন্নয়নে আরো কাজ করা প্রয়োজন। তবে বর্তমান সাফল্য প্রাথমিকভাবে ক্যান্সার নির্ণয়ে একটি সুলভ, সহজে ব্যবহারযোগ্য এবং বহনযোগ্য যন্ত্র তৈরির নির্দেশক হতে পারে। 'টেকনিয়ন ইসরায়েল ইন্সটিটিউট অব টেকনোলজি'র গবেষক আব্রাহাম কাটেন বলেছেন, "ব্যাপক গবেষণার মাধ্যমে যদি এই প্রাথমিক ফলাফল সম্পর্কে নিশ্চিত হতে পারি, তবে এই নতুন প্রযুক্তি প্রাথমিকভাবে ক্যান্সার নির্ণয়ে একটি সহজ হাতিয়ারে পরিণত হবে।" তাদের গবেষণাটি 'ব্রিটিশ জার্নাল অব ক্যান্সার'- এ প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৫ ঘ.