ইসলামাবাদ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানি তালেবান জঙ্গিরা বন্যাদুর্গতদের জন্য পশ্চিমা ত্রাণ সহায়তা প্রত্যাখ্যান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বন্যা দুর্গতদের জন্য যুক্তরাষ্ট্র ত্রাণ সরবরাহের উদ্যোগ নেওয়ার পরই এ আহ্বান জানিয়েছে তারা।
মঙ্গলবার আরো ২ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে পাকিস্তানি তালেবানদের মুখপাত্র আজম তারিক বলেন, "আমরা সরকারের প্রতি পশ্চিমা ত্রাণ সহায়তা না নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।"
তারিক আরো বলেন, "খাইবার-পাখতুনখোয়ার সরকার এবং কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের জন্য নয় বরং নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বাড়ানোর জন্য এসব সহায়তা নিতে উন্মত্ত হয়ে উঠেছে।"
মূলত সেনাবাহিনী দেশটিতে ত্রাণ তৎপরতা চালাচ্ছে।
পাকিস্তানে চলমান বন্যায় এখন পর্যন্ত ১৬শ'রও বেশি মানুষ নিহত এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ যা মোট জনসংখ্যার ৮ শতাংশ।
জাতিসংঘ এই বন্যাকে দেশটির স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয় বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অবকাঠামো পুনর্গঠনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫৩৬ঘ.
bdnews24