জেনেভা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোয়াইন ফ্লু মহামারি পর্যায় শেষ হওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার জেনেভায় সংস্থাটির মহাপরিচালক মার্গারেট চেন এ ঘোষণা দেন।
হংকং-এর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চেন এক সংবাদ সম্মেলনে জানান, এটা খুবই সৌভাগ্যের বিষয় এইচওয়ানএনওয়ান ভাইরাসটি এখন আর মারাত্মক প্রাণঘাতী পর্যায়ে নেই। সেই সঙ্গে স্বল্প সময়ের নিরাপদ টিকা উন্নয়ন করা সম্ভব হয়েছে যা এর বিরুদ্ধে কার্যকর।
তিনি বলেন, "আমরা এখন মহামারি-পরবর্তী পর্যায়ের দিকে যাচ্ছি।" গত বছরের জুনে সোয়াইন ফ্লুকে মহামারি ঘোষণা দেওয়ার সিদ্ধান্তের পক্ষে অবস্থান ব্যক্ত করে চেন আরো বলেন, "সেই ঘোষণা সঠিক ছিল।"
তবে এটি এখনো উচ্চ ঝুঁকির পর্যায়ভুক্ত, বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে। টিকা গ্রহণে তারা সুবিধা পেতে পারেন বলে চেন জানান।
ডব্লিউএইচও-এর শীর্ষ ফ্লু বিশেষজ্ঞ কেইজি ফুকুদা সাংবাদিকদের বলেন, "যদি কোনো কোনো দেশে ফ্লু তীব্র আকারও ধারণ করে, যা এখনো ঘটা সম্ভব, তবুও তা বিশ্বের জন্য এক বছর আগের তুলনায় অনেক কম ঝুঁকিপূর্ণ।"
২০০৯ সালের জুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, নতুন সোয়াইন ফ্লু ভাইরাস এইচওয়ানএনওয়ান যুক্তরাষ্ট্র ও মেক্সিকো থেকে সারাবিশ্বে মাত্র ৬ সপ্তাহে ছড়িয়ে পড়তে পারে। এর পরিপ্রেক্ষিতে সংস্থাটি সোয়াইন ফ্লুকে মহামারির সর্বোচ্চ সতর্কতার মাত্রা ৬ ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৬ঘ.
bdnews24