জম্মু, ভারত (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত-শাসিত কাশ্মীরে শহর লাদাখের বন্যায় ৩০০ জনেরও বেশি বিদেশি পর্যটক আটকা পড়েছে। কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।
হিমালয়ের এ অঞ্চলটিতে তিনদিনের বন্যায় কমপক্ষে ১৫০ জন প্রাণ হারিয়েছে এবং প্রধান শহর লেহ তছনছ হয়ে গেছে।
কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় বাড়ি-ঘর ধ্বংস হয়েছে, টেলিফোন টাওয়ার উপড়ে গেছে এবং মহাসড়কে ১৫ ফুট (৪ মিটার) উঁচু হয়ে আবর্জনা ও মাটির স্তুপ জমেছে।
সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কমপক্ষে ৩০০ জন নিখোঁজ রয়েছেন এবং ২৫ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তারা আরো জানান, রাস্তা ও সেতু পুনর্নিমাণে অন্ততপক্ষে ৭ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইট ল্যাফট্যানেন্ট প্রিয়া জোশি রয়টার্সকে জানিয়েছেন, "আমরা ১৫০ জনের একটি বিদেশি পর্যটক দলকে খুঁজে পেয়েছি। তারা লেহ'র কাছাকাছি জান্সকর উপতক্যায় আটকা পড়েছে এবং আমরা তাদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারের চেষ্টা করছি।"
সেনাবাহিনী জানায়, অন্যদিকে লেহ থেকে ১১০ কিলোমিটার পশ্চিমে লামা যুরুর একটি বৌদ্ধ মঠে আরো ৯০ জন পর্যটক আটকা পড়েছেন। এছাড়া অন্য একটি পর্যটন কেন্দ্র ডিন কারুতে ৭৩ জন উদ্ধারের জন্য অপেক্ষা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১৫ ঘ.
bdnews24