হেরাত, আফগানিস্তান, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবান জঙ্গিরা বিয়ে বহির্ভুত শারীরিক সম্পর্কের কারণে এক আফগান নারীর মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করেছে। এক পুলিশ কর্মকর্তাসূত্রে সোমবার এ খবর জানা যায়।
এ ঘটনা আফগানিস্তানে তালেবান শাসনের সময়কে স্মরণ করিয়ে দেয়।
তালেবান জঙ্গি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশের কাদেস জেলার প্রত্যন্ত অঞ্চলে রোববার এ ঘটনা ঘটে। ৪৮ বছর বয়সী বিধবা ওই নারীকে গুলি করে হত্যার আগে অনেকগুলো দোররা মারা হয় বলে ওই প্রদেশে কর্মরত জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আবদুল জাবার জানান।
বাদঘিস থেকে রয়টার্সকে টেলিফোনে তিনি জানান, "বিষয়টি জানার আগেই ওই ঘটনাটি ঘটে যায়, এমন কী কেউ অভিযোগও করেনি। তবে সরকার স্বপ্রণোদিত হয়ে ওই ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।"
তিনি আরো জানান, অজ্ঞাত যে ব্যক্তির সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল সে বেঁচে গেছে।
৯ বছর আগে ক্ষমতাচ্যুত তালেবানরা দ্বিতীয় বারের মতো এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো। এর আগে তারা বিদেশি বাহিনীর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করে।
পার্শ্ববর্তী রাষ্ট্র ইরান আন্তর্জাতিক চাপের মুখে বিয়ে বহির্ভুত শারীরিক সম্পর্কের অভিযোগে এক নারীকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় গতমাসে স্থগিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২১ঘ.
bdnews24