সুক্কুর, পাকিস্তান, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সেনারা বন্যাকবলিত দুটি প্রদেশ থেকে কয়েক হাজার দুর্গতকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। রোববার এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
সিন্ধু প্রদেশে জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক সালেহ ফারুকি রয়টার্সকে জানান, পাঞ্জাব প্রদেশ থেকে ১০ হাজার ও সিন্ধু প্রদেশ থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আর এসব এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।
এর আগের অন্যান্য সংকটের মতো এবারও পাকিস্তানের সেনাবাহিনী উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে।
গত ৮০ বছরের মধ্যে দেশটির সবচেয়ে বড় এ বন্যায় ১৬ শ' জনের প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ কোটি ২০ লাখ মানুষ। এছাড়া কৃষি প্রধান দেশটির প্রচুর শস্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় অনেক মানুষই আটকা পড়েছে। অন্যদেরকে উদ্ধার করা হলেও খাবার বা পানীয় জলের সংকট দেখা দিয়েছে।
দেশটিতে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর এতে করে আরো বেশি ঘর বাড়ি বিধ্বস্ত হওয়াসহ শস্য নষ্ট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬১৮ ঘ.
bdnews24